আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে ১১৫ বস্তা চাল জব্দ ঘটনায় নানা নাটকীয়তার পর অবশেষে ৫ দিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর রাতে আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের উপ-খাদ্য পরিদর্শক রাকিব হাসান বাদি হয়ে খাদ্যবান্ধবের ডিলার আদমদীঘির তালশন গ্রামের মৃত খতিজ উদ্দিনের ছেলে আব্দুস ছাত্তার সরকারের (৬৫) বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুস ছাত্তার সরকার ভোক্তাদের চাল না দিয়ে আত্মসাতের উদ্দেশ্যে তার চাল বিক্রয় কেন্দ্র রেলস্টেশন এলাকা থেকে প্রায় দেড় কিলোমিটার দুরে আদমদীঘি পশ্চিমবাজার মসজিদ সংলগ্ন টিনসেড গুদাম ঘরে মজুদ রেখেছেন। এমন গোপন সংবাদের ভিক্তিতে গত ২৮ আগষ্ট বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা সুলতানার নেতৃত্বে ওই গুদাম ঘরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।