মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ২০ দিন পর মাটি খুঁড়ে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মোঃ মেহেদী হাসান (১৮)। তিনি বাঙ্গরা বাজার থানার দীঘিরপাড় গ্রামের মৃত মোস্তফার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার মামলার এজাহারে ভিকটিম মেহেদী হাসানকে অপহরণের পর হত্যা করা হয় বলে অভিযোগ উঠে। গ্রেপ্তার হওয়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকায় মক্কা ব্রিকফিল্ড সংলগ্ন বেড়িবাঁধের পাশে আকাশি গাছের ঝোপে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি পচনধরা ও গলিত অবস্থায় থাকায় মৃতদেহের কাপড় চোপড় এবং খুলি ও হাড়গোড়ের মাধ্যমে পরিবারের সদস্যরা শনাক্ত করেন। উদ্ধার অভিযানে কুমিল্লা সিআইডি পুলিশের একটি বিশেষ টিম অংশ নেয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ.কে.এম কামরুজ্জামান। এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।