বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর বাউফলে মা ইলিশ সংরক্ষণে তেতুলিয়া নদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সম্প্রতি এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম। অভিযানে উপজেলা প্রশাসনের আরও কর্মকর্তারা অংশ নেন। সরকারি নির্দেশনা অনুযায়ী মা ইলিশ সংরক্ষণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ইউএনও মো. আমিনুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে জনগণকে সরাসরি প্রশাসনের কার্যক্রম দেখান। এতে দ্রুত খবর ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়।
লাইভে দেখা যায়, প্রশাসনের তৎপরতায় নদীপাড়ের জেলেরা অবৈধভাবে ইলিশ ধরার কাজ থেকে বিরত থাকে। ইউএনও নদীর তীরে মাইকিং করে জেলেদের সতর্ক করেন এবং সবাইকে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান।
ইউএনও মো. আমিনুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য শুধু অভিযান নয়, মানুষকে সচেতন করা। মা ইলিশ রক্ষা মানে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা। সবাই যদি নিষেধাজ্ঞা মেনে চলে, তাহলে নদী ও মাছ দুটোই বাঁচবে।”
স্থানীয়রা জানান, ফেসবুক লাইভ ও মাইকিংয়ের মাধ্যমে প্রশাসনের এ উদ্যোগে ইতিবাচক সাড়া পড়েছে। অনেক জেলে এখন বিকল্প পেশায় যুক্ত হচ্ছেন এবং নিষিদ্ধ সময়টায় নদীতে নামছেন না।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ রক্ষায় এমন অভিযান ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদারভাবে তা তদারকি করা হবে।