* ভোরে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার
যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার শুনানি নিয়ে তার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম সারাহ ফারজানা হক। এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ফেরদৌস আলম।
আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রুকনুজ্জামান জানান, আসামিপক্ষে তার আইনজীবী নিজাম উদ্দিন, আবুল হাসান জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন নাকচ করে শামুসল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। ওইদিন বিএনপির মহাসমাবেশে হামলা হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের মধ্যে নিহত হন যুবদল নেতা শামীম। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।