সোনারগাঁ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাচপুর এলাকা থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সম্প্রতি কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২২ সেপ্টেম্বর সকাল ৮ টায় কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুর ব্রিজের নিচে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কক্সবাজার হতে সাতক্ষীরাগামী সন্দেহজনক ৩টি ট্রাক তল্লাশি করে প্রায় ২ কোটি ৩ লাখ টাকা মূল্যের ৪০ লাখ ৬০ হাজার পিচ অবৈধ চিংড়ি রেনু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু নারায়নগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ ও অফিস সহকারী কাউছার আহমেদের উপস্থিতিতে বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয় এবং ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।