মা ও শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলায় গর্ভবতী নারীদের জন্য ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে ফ্রেন্ডশিপ হাসপাতাল।
সোমবার (২৮ জুলাই) শ্যামনগরের সোয়ালিয়া ফ্রেন্ডশিপ হাসপাতালে দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালের প্রধান ডা. নাহিদ নজরুল।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “উপকূলীয় অঞ্চলের হতদরিদ্র, বনজ ও মৎস্যজীবী পরিবারগুলো অনেক সময় চিকিৎসা থেকে বঞ্চিত থাকে। মা ও শিশুর সুস্থতার জন্য এ ধরনের স্বাস্থ্য ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
ক্যাম্পে গর্ভবতী নারীদের জন্য প্রসব-পূর্ব স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, আল্ট্রাসাউন্ড এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. মাহফুজা আলম ও আল্ট্রাসনোলজিস্ট এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার হাসান।
ক্যাম্প শেষে হাসপাতাল চত্বরে একটি প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন হাসপাতালের চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তারা।
ফ্রেন্ডশিপ হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শুধু এই ক্যাম্পই নয়—চোখের চিকিৎসা ও বিশেষ অপারেশনের মতো সেবাও বিভিন্ন সময় এলাকার মানুষের জন্য পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।