সোনারগাঁও সংবাদদাতা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপ-প্রচার সহ্য করা হবে না। একটি মহল তাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে। সোনারগাঁয়ে চাঁদাবাজদের কোন স্থান নাই। আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। যতই ষড়যন্ত্র হোক না কেন ঐক্যবদ্ধভাবে আমরা তাদের মোকাবেলা করবো।
অধ্যাপক রেজাউল করিম আরো বলেন, ৫ই আগষ্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের পট পরিবর্তন হয়। পরিবর্তনের সঙ্গে সঙ্গে সোনারগাঁয়ে একটি কু-চক্রী মহল বিভিন্ন কোম্পানি ও হাট বাজার, নদী ও বাস স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি শুরু করে দিয়েছে।
গত ২১ জুলাই বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মো.রেজাউল করিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সোনারগাঁ উপজেলা বিএনপি সহ সভাপতি শফিউদ্দিন ভূইয়া, গিয়াস উদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন মিন্টু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূর এ ইয়াসিন নোবেল, যুগ্ম আহবায়ক মো. আশরাফ মোল্লা, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি খোরশেদ আলম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক পিয়ার হোসেন নয়ন প্রমুখ।
এসময় সোনারগাঁ উপজেলা ও পৌরসভার বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।