বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটি পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের নুনিয়া পাড়া গ্রামের মোছা. সাবিনা খাতুন (৬৫) নামে এক অসহায় বিধবা নারীকে উপহার হিসেবে ঢেউটিনের দুটি ঘর নির্মাণ করে দিয়েছে সদর উপজেলা জামায়াত। গতকাল বিকেলে এ ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও পঞ্চগড় ১ (সদর, তেঁতুলিয়া, আটোয়ারী) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা ইকবাল হোসাইন। স্থানীয়রা জানায়, সাবিনা খাতুনের স্বামী ছিলেন একজন দরিদ্র দিনমজুর। তিনি মারা যাওয়ার পর একটি ছোট ছাপরা ঘরে ১ মেয়ে ও ৩ নাতনিকে নিয়ে অনেক কষ্টে দিন যাপন করছিলেন সাবিনা খাতুন। বিষয়টি জামায়াত নেতৃবৃন্দের নজরে আসার পর সংগঠনটির নিজস্ব অর্থায়নে এ ঘর নির্মাণ করে দেওয়া হয়। এদিকে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মহৎউদ্যোগ স্থানীয় সর্বস্তরের মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে। এ সময় সুবিধাভোগী নারী সুফিয়া খাতুন নতুন বসতঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে জানান, আমার এ খুশি প্রকাশ করার মতো নয়। যারা বিপদের সময় আমার পাশে এসে দাঁড়ালেন সারা জীবন আমি তাদের জন্য দোয়া করবো। আমাকে বাড়িটি নির্মাণ করে দেওয়ায় আমি অনেক আনন্দিত। এসময় সদর উপজেলা জামায়াত, ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।