সোনারগাঁ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রতন নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকা-ের ২৪ ঘণ্টার মধ্যে দুইজন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার (১৮ জুন) রাতে, রূপগঞ্জ থানার দিঘি বরাবো এলাকা থেকে দুইজন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: রূপগঞ্জ থানার দিঘি বরাবো এলাকার ইউনুস প্রধানের ছেলে ইসমাইল প্রধান (২৪), এবং একই থানার মোঘড়াকুর গ্রামের মনির হোসেনের ছেলে ওসমান গনি (২৩)।
নিহত রতন (৩৮) কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। স্ত্রী ও সন্তান নিয়ে সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড়ের বেড়িবাঁধের পূর্ব পাশে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার পর গণমাধ্যমে খবর প্রকাশ হলে র্যাব-১১ নারায়ণগঞ্জ-এর একটি চৌকস আভিযানিক দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। নৃশংস এই হত্যাকা-ের রহস্য উদঘাটনে র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।