চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে ছুটিতে আসার পরই কফিলের হামলার শিকার হয়েছেন সৌদিআরব প্রবাসী শাহিন হোসেন। এ সময় তার পকেটে থাকা ৪ লক্ষ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। শনিবার সন্ধ্যায় উপজেলার গুণবতী বাজারের উজ্জ্বলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার থানায় হামলাকারী সাদ্দাম হোসেন ও তার সহযোগী ডিপটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শাহীন হোসেন। সন্ধ্যায় অভিযোগের তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান।
অভিযোগে উল্লেখ করা হয়, গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামের মৃত মতিন ডাইভারের ছেলে সাদ্দাম হোসেনের সৌদিআরব ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতো ঝিকড্ডা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শাহিন হোসেন। গত দেড় বছর আগে সাদ্দাম হোসেন সৌদি হতে দশ হাজার ডলার নিয়া শাহিন হোসেনকে বাড়িতে পাঠায়। ঢাকা বিমানবন্দরে আসার পর শাহিন হোসেনের ৩ লক্ষ টাকা জরিমানা করে কাস্টমস্ কর্তৃপক্ষ। যা শাহিন নিজের টাকা থেকে পরিশোধ করে। সাদ্দাম হোসেন জরিমানার টাকা শাহিন হোসেনকে দিবে বলে আশ্বস্ত করে উল্টো টালবাহানা শুরু করে। শাহিন হোসেন বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করে বিচার চান। ফলে সাদ্দাম হোসেন শত্রুতা পোষণ করে শাহিন হোসনকে হুমকি-ধমকি দিয়ে আসছিল।