দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগ নেতা মো. সাইদুল ইসলাম ভুইয়া ওরফে সাইদুল মেম্বার (৫৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরকখোলা গ্রাম থেকে তাকে দাউদকান্দি মডেল থানা পুলিশ আটক করে। গ্রেপ্তার সাইদুল ভুইয়া ওই গ্রামের মৃত কাদিম আলী ভুইয়ার ছেলে এবং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রোববার (৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাইদুল মেম্বারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ছাড়াও মাদক ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।ওসি আরও বলেন, “ গ্রেপ্তার সাইদুল মেম্বারকে আজ আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।”