কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা: জেলার কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শহরের আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কুমারখালী পৌরসভা শাখা এই বুনিয়াদী প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, কুষ্টিয়া -৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোহাঃ আফজাল হোসাইন। পৌর জামায়াতের আমীর ও এপিপি এ্যাড. মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আফতাব উদ্দিন। পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ কামাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা শামসুদ্দিন আহমাদ, ইসলামী ব্যাংকের কুমারখালী শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ ও উপজেলা যুব বিভাগের সহঃ সভাপতি মাওলানা আব্দুল মতিন। প্রশিক্ষণ অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন স্টেশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুস সালাম বীন ইউসুফ।
প্রশিক্ষণে সংগঠন না করার পরিনাম, আল্লাহর নৈকট্য-নফল ইবাদত, অর্থনৈতিক সচ্ছতা ও শক্তিশালী সংগঠন, আদর্শ ভোটার তৈরী, ইউনিট ও ওয়ার্ড সক্রিয়করণ, বায়তুল মাল ও দানের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করা হয়। পৌর এলাকার ৯টি ওয়ার্ড, পেশাজীবি, ওলামা পরিষদ, যুব বিভাগ, শিক্ষক পরিষদ ও সাংবাদিক ওয়ার্ড ইউনিটের দায়িত্বশীলরা এই কর্মশালায় অংশ গ্রহণ করেন।