টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজরের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সচিব নুরুল হুদার বিরুদ্ধে উপকারভোগী নারীদের হেনস্তা, মারধর ও ভয়াবহ অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগের পর বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় যুবদলনেতা আনোয়ার হোসেন বাদী হয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা,স্থানীয় সরকারের উপ-পরিচালক ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

সম্প্রতি হোয়াইক্যং ইউনিয়নের হতদরিদ্র নারীরা ৩০ কেজি (ভিডাব্লিউবি) চালের জন্য পরিষদে গেলে সচিব নুরুল হুদা হতদরিদ্র মহিলাদের শরীরে হাত দেন এবং মারধরসহ অমানবিক আচরণ করেন বলে অভিযোগ ওাছে । এতে এক মহিলার হাতের আঙ্গুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।

এ সংক্রান্ত ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনার প্রায় ৬দিন পেরিয়ে গেলেও অপসারণ না করায় বেপরোয়া ইউপি সচিব নুরুল হুদার অপসারণের দাবিতে ফুঁসে উাছে স্থানীয় সচেতন মহল। মানববন্ধনসহ প্রতিবাদমূলক বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করছেন স্থানীয় জনতা। যেকোনো সময় স্থানীয়দের ক্ষোভের বিস্ফোরণে ফের বড় ধরনের অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন সচেতন মহল। হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণশাখা যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বলেন, বেপরোয়া ইউপি সচিব নুরুল হুদাকে দ্রুত অপসারণ করে শাস্তিমূলত আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে, বৃহত্তর আন্দোলন গড়ে তোলে তাকে হোয়াইক্যং থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ইউপি সচিবকে শোকজ দেওয়া হয়েছে, রিপ্লাইয়ের জন্য তিন কার্যদিবস সময় দেওয়া হয়েছে।