সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে ‘বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প’র আওতায় বর্ণাঢ্য আয়োজনে তিনদিন ব্যাপি কৃষি মেলা শুরু হয়েছে।
সম্প্রতি উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি অফিসের উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহছেন উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক ও কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ।
মতবিনিময়
কুমিল্লার বুড়িচং উপজেলার সার্বিক উন্নয়ন ,সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন এর সাথে বুড়িচং প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কর্মশালা
সাতক্ষীরা : সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য যুগ্মসচিব আ ন ম নাজিম উদ্দিন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরার নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম , সিভিল সার্জন ডাঃ মোঃ সালাম।
গাইবান্ধা সংবাদদাতা: পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন- এই স্লোগান নিয়ে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে দিনব্যাপী পেনশন মেলা অনুষ্ঠিত হয়। জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)শারমিন আখতার সভাপতিত্ব করেন।