টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা : টানা কয়েকদিনের ভারী বর্ষণে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল, মিনাবাজার ও আমতলী এলাকায় ভয়াবহ পাহাড়ধ্বস ও পানিবদ্ধতার সৃষ্টি হয়। এতে বসতঘরও পানিতে তলিয়ে পড়ায় প্রায় ১৮০ পরিবার চরম দুর্ভোগে পড়েছে ।
এই মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউনিয়ন পরিষদ ও নিজের পক্ষ থেকে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। সোমবার (৮ জুলাই) সকাল ১০টায় উক্ত জরুরি ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, উপজেলা জামায়াতের দপ্তর ও অর্থ সম্পাদক মুহাম্মদ হোছাইন, স্থানীয় ইউপি সদস্য কবির আহমদ, হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওসমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় চেয়ারম্যান আনোয়ারী বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমি ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়িয়েছি। যতদিন প্রয়োজন, ততদিন এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
ত্রাণ সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, চাল, ডাল, লবণ ও জরুরি ব্যবহারের পণ্যসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয়রা চেয়ারম্যান আনোয়ারীর এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় কাজ বলে অভিহিত করছেন।