চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক গ্রুপের সাতটি বড় কারখানা বন্ধ ঘোষণা গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর।
আজ এক যৌথ বিবৃতিতে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী বলেন, আমরা লক্ষ্য করছি গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য পতিত স্বৈরাচারের দোসররা নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের ইপিজেডের একটি বৃহৎ রপ্তানি প্রতিষ্ঠানের শ্রমিকদের মাঝে হট্টগোলের ইন্ধন জুগিয়ে ৭টি কারখানা বন্ধ করতে বাধ্য করা হয়েছে। তাদের লক্ষ্য শ্রমিকদের মাঝে অসন্তোষ সৃষ্টি করে দেশে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা। গার্মেন্ট শিল্পে অস্থিরতা তৈরি করতে পারলে তাদের টার্গেট পূরণ হবে।
নেতৃত্বদয় বলেন, প্যাসিফিক জিন্স গ্রুপ একটি বৃহৎ প্রতিষ্ঠান। মালিকপক্ষ ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করায় প্রায় ৩৫ হাজার শ্রমিকের জীবনে জীবনে দুর্দশা বয়ে আনবে। কারখানা যতদিন বন্ধ থাকবে শ্রমিকরা একদিনেরও বেতন পাবে না। শ্রমিকরা সামান্য মজুরিতে চাকরি করে। তাদের ঘরে বসে খাওয়ার মত অর্থ সম্পদ নেই। ফলে এই উস্কানিতে যা ক্ষতি হওয়ার শ্রমিকদের হবে। আমরা অনতিবিলম্বে মালিক ও সরকারের কাছে দাবি জানাচ্ছি ফ্যাক্টরির নিরাপত্তা নিশ্চিত করে কারখানা খুলে দেওয়ার। একইসঙ্গে দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানাচ্ছি।
তারা আরও বলেন, চট্টগ্রাম বৃহৎ শিল্প এলাকা। আমরা সরকারের কাছে স্পষ্ট ভাষায় দাবি জানাচ্ছি, এই শহরের প্রতিটি শিল্প কলকারখানায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার। শ্রমিক জীবন ও মালিকদের পুঁজি নিরাপদ করার জন্য শিল্প পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও বেশি তৎপর হতে হবে।