মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের মুক্তাগাছা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গণনাকেন্দ্রে হামলা, ভাংচুর ও দুই জনের আহত হবার খবর পাওয়া গেছে। শুক্রবার মধ্যরাতে ফলাফল ঘোষণার সময় এই ঘটনা ঘটে।

জানা যায়, মুক্তাগাছা উপজেলা মটরশ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন শুক্রবার ভোট গ্রহণের পর মধ্যরাতে ভোটগণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণার পূর্ব মুহুর্তে মুক্তাগাছা থানা পুলিশের উপস্থিতিতে আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাচীর টপকে সাধারণ সম্পাদক প্রার্থী জহিরের লোকজন কেন্দ্রে ঢুকে পড়ে হামলা ও ভাংচুর করে। হামলায় মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আহবায়ক সুলতান মাহমুদ বাবুল মাথায় আঘাত প্রাপ্ত হয়।

মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আহবায়ক সুলতান মাহমুদ বাবুলের কাছে জানতে চাইলে তিনি জানান, নির্বাচনের ভোট গণনা শেষ হলে ফলাফল শীট সকল প্রার্থীর হাতে দিয়ে মাইকে ফলাফল ঘোষণার জন্য বহিরে বের হলে জহিরুল ও তার লোকজন সদলবলে হামলা করে মাথায় আঘাত করে। পরে পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে পৌর শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী জহিরুল হামলা ও ভাংচুরের বিষয়টি অস্বীকার করে ভোট কাস্টের বেশি ব্যালট পাওয়ায় প্রধান আহবায়কের কাছে জানতে চাইলে প্রতিপক্ষ দারার লোকজন হামলা করে বলে জানান।