বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে কেমিক্যাল প্রয়োগে আম পাকানোর অভিযোগে শাজাহান আলী নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সম্প্রতি উপজেলার আহম্মেদপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান এই দন্ড প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার আহম্মেদপুর বাজারে মঙ্গলবার অভিযান চালানো হয়। এ সময় মেসার্স দয়াল ট্রেডার্স আড়তে অপরিপক্ক আমে ইথোফেন নামের কেমিক্যাল মেশানোর সময় হাতে নাতে তা ধরা হয়। এর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪৫ ধারা অনুযায়ী ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।