চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শান্তিনগর বগারবিল এলাকায় ছুরিকাঘাতে এক গ্যারেজ মালিক খুন হয়েছেন।সম্প্রতি এ ঘটনার আট ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করেছে।
নিহতের নাম মো. সাজন মিয়া (৪৭)। তার বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়। তিনি নগরীর বগারবিল এলাকায় ‘সাজন মিয়ার গ্যারেজ’ নামে একটি রিকশা-ভ্যান গ্যারেজ পরিচালনা করতেন।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, রোববার সন্ধ্যায় সাজনের শ্যালক ১৪ বছরের কিশোর বাদশার সঙ্গে দই কিনতে আসা তাহের আলীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিও হয়। পরে সাজন মিয়া এসে বিষয়টি মিটমাট করে দেন। কিন্তু কিছুক্ষণ পর তাহের আলী লোকজন নিয়ে সাজনের গ্যারেজে হামলা চালায়। তখন সাজনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। রাত ২টার দিকে চান্দগাঁও থানার মোহরা এলাকায় অভিযান চালিয়ে আবু কালাম (৩৬) ও বায়েজিদ রহমান (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে হলেও তারা বগারবিলে বসবাস করতেন।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বায়েজিদ রহমান স্বীকার করেছে যে তিনিই সাজনকে ছুরিকাঘাত করেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।