ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের মেইন গেইড এর দক্ষিণ পাশে রাস্তার উপর বালু ও পাথরের ব্যবসা পরিচালনার কারণে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় জনসাধারণ। প্রতিদিন ভারী ট্রাকের যাতায়াতের কারণে রাস্তায় তৈরি হয়েছে ধুলাবালি, যানজট ও দুর্ঘটনার আশঙ্কা।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার একপাশে বিশাল খালি জায়গা থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে রাস্তাতেই বালু ও পাথর রাখছেন এবং সেখান থেকেই ট্রাক উঠানামা করছেন। এর ফলে ওই সড়কে চলাচলরত সাধারণ মানুষ, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন।
ব্যবসায়ীদের মধ্যে জিয়া, নুর হোসেন ও সিদ্দিক নামে কয়েকজন দীর্ঘদিন ধরে এভাবে রাস্তার জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করছেন বলে জানা গেছে। স্থানীয় জনগণ বহুবার অনুরোধ করলেও তারা কোনো কথা শোনেননি। এলাকাবাসীর অভিযোগ, “তাদের হাত অনেক লম্বা, এজন্য কেউ কিছু বলতে পারে না।” স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, “এই অবৈধ কর্মকা- বন্ধ না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”