বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার সাবেক কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ চাষী কল্যাণ সমিতির সাবেক সভাপতি ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন নিবাসী জনাব আবুল হোসেন মোড়ল ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গত শনিবার ভোর পৌণে ৪টায় ৬৭ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। শনিবার বাদ আসর দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে তাঁকে দাফন করা হবে।

শোকবাণী: আবুল হোসেন মোড়লের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শনিবার শোকবাণী দিয়েছেন।

শোকবাণীতে তিনি বলেন, আমরা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আবুল হোসেন মোড়ল আর আমাদের মাঝে নেই। তিনি মহান রবের জিম্মায় চলে গেছেন।

শোকবাণীতে তিনি আরও বলেন, আবুল হোসেন মোড়ল এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

তিনি বলেন, পেশাগত জীবনে জনাব আবুল হোসেন মোড়ল ছিলেন একজন পাটকল শ্রমিক। তাঁর জীবন ছিল ইসলামী আন্দোলনের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তৃণমূল পর্যায়ে ইসলামের দাওয়াত ও সংগঠনের ভিত্তি গড়ে তুলতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কৃষক ও শ্রমিক শ্রেণির মধ্যে ইসলামী চিন্তা ও চেতনার বীজ বপনে তার চেষ্টা ও ত্যাগ ছিল প্রশংসনীয়।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজন, আতœীয়স¦জন ও সহকর্মীদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।