দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা: ঢাকায় ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে হত্যা ও দেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দোয়ারাবাজার উপজেলা।

সম্প্রতি দোয়ারাবাজার ভূমি অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে শিক্ষার্থী, যুব সমাজ ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, একজন সাধারণ ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা বর্বরতা ও নৃশংসতার দৃষ্টান্ত। প্রশাসনের নিস্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করার প্রবণতা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। বর্তমান সরকার এসব চাঁদাবাজি বন্ধে ব্যর্থ হয়েছে। এদের কঠোর হাতে দমন করতে না পারলে সরকারের উচিত অনতিবিলম্বে পদত্যাগ করা। এ সময় তারা বলেন,বিভিন্ন রাজনৈতিক দল চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারছে না। তাদের চাঁদাবাজির কারণে দেশের মানুষ অতিষ্ট। সমাবেশে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। এসময় ২৪ এর বাংলায় চাঁদাবাজদের থাই নাই স্লোগানে বিক্ষোভ মিছিলটি দোয়ারাবাজার থানা ও উপজেলা পরিষদ পদক্ষিণ করে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।