মসিয়ার রহমান কাজল, বেনাপোল : ভালো কাজের প্রলোভনে দালালদের খপ্পরে পড়ে ভারতে পাচার হওয়া এক নারী সহ ৩৬ জন শিশু ও কিশোরী কিশোর ৩৬ জন।৬ মাস থেকে দেড় বছর জেল খেটে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে। এদেও মধ্যে ১৫ জন শিশু ও কিশোরী এবং ২০ জন শিশু ও কিশোর এবং ১ জন নারী।
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে মঙ্গলবার বিকাল ৫ টার ( ২৭ মে) সময় তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
তবে এসব শিশু কিশোরদের অনেকের পিতা মাতা এখনো ভারতের জেল খানায় আটক রয়েছে। এসময় শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকাত মেহেদী সেতু উপস্থিত ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, এরা বিভিন্ন সীমান্ত পথে পাচার হয়ে ভারতে যায়। এরপর সে দেশে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে জেল খানায় যায় আদালতের মাধ্যমে। তারপর সেখান থেকে সেদেশের বিভিন্ন এনজিও তাদের ছাড় করিয়ে বিভিন্ন শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের চিঠি চালাচালির মাধ্যমে তারা ছাড়া পেয়ে আজ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে দেশে ফিরে আসে। আমরা ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করব।
বেনাপোল পোর্ট থানা ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের থানার আনুষ্ঠানিকতা শেষ করে বেসরকারি এনজিও সংস্থা রাইটস যশোর, জাস্টিস এন্ড কেয়ার, যশোর মহিলা আইনজীবি সমিতি ও পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর মহিলা আইনজীবী সমিতির এরিয়া কোয়াডিনেটর রেখা রানী বলেন, পাচার শিকার শিশু কিশোর ও কিশোরীদের আমরা সেদেশের সরকারের সাথে যোগাযোগ করে দেশে ফেরত এনেছি। এর মধ্যে আমরা ৭ জন, পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থা ৬ জন যশোর রাইটস যশোর ১০ জন এবং জাস্টিস এন্ড কেয়ার ১৩ জনকে গ্রহন করেছি। আমরা যশোর নিজেদের শেল্টার হোমে রেখে তাদের পরিবারের কাছে হস্তান্তর করব। এবং কেউ যদি আইনি সাহয্য নেয় তবে তাদের সহায়তা দেওয়া হবে।