ঈদগাঁও সংবাদদাতা : দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক এলাকা ঈদগাঁও বাজার। যেখানে পাঁচ হাজার দোকান-পাট ও নিয়মিত ৫০ হাজার মানুষের যাতায়াত রয়েছে। এ বছর প্রায় ৭ কোটি টাকা রাজস্ব ও পেয়েছে সরকার। কিন্তু বাজারের অবকাঠামোগত উন্নয়নে কোন অগ্রগতি নেই। গত দেড় বছর ধরে ড্রেনের কাজ শুরু করলেও অদ্যাবধি শেষ করা যায়নি। এদিকে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ না থাকায় তদারকিও করছে না কেউ। ফলে বাজার ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে পদযাত্রী, ছাত্র-ছাত্র, মুসল্লী ও রোগীদের দুঃখ-দুর্দশার শেষ নেই। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।

এ বিষয়ে ঈদগাঁও বাজার ব্যবসায়ী মনজুর আলম বলেন, কক্সবাজারের এই বৃহত্তম বাজারটি বর্ষা মৌসুমে নালা-নর্দমায় পরিণত হয়। বৃষ্টি হওয়ার সাথে সাথে বাজারের অলি-গলি হাঁটু পরিমাণ ময়লাযুক্ত পানিতে জলাবদ্ধতা তৈরি হয়। ফলে দুর্গন্ধ ছড়ায়। এমন পরিবেশে ক্রেতাদের যেমন অনীহা সৃষ্টি হয়, একই সাথে ব্যবসায়ীদের ও নানা সমস্যায় পড়তে হচ্ছে। এ বিষয়গুলোর দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবী জানান তিনি।

ছাত্র প্রতিনিধি তারেকুল ইসলাম জানান, ঈদগাঁও বাজার থেকে কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে সরকার। কিন্তু জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের পরিকল্পিত উদ্যোগ গ্রহণের অভাবে সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়া যাচ্ছে না। অথচ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্থ হরিলুট করা হচ্ছে। অতি শীঘ্রই সকল সমস্যা সামাধানের যথাযথ উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমা বলেন, সাধারণত বাজার পরিষ্কারের বিষয় ইজারাদার দেখভাল করেন। ড্রেনেজ ব্যবস্থার কাজ শেষ না হওয়া পর্যন্ত পানি নিষ্কাশন কিংবা সার্বিক বিষয়ে বলা যাচ্ছে না। এ প্রজেক্টটি আমার আওতায় পড়েনি।