রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাখাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আনুমানিক পাঁচ হাজার কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে।
গরিব-দুখীদের জন্য বরাদ্দকৃত এই ফেয়ার প্রাইজের চাল অবৈধভাবে মজুতের দায়ে সাতজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন: মাহফুজ হোসেন (২৫), শাকিল হোসেন (২৮), রাজু (২৫), শরিফ হোসেন (৩৫), আলমগীর হোসেন (৩৬), জাকির হোসেন (৩২) ও সাইফুল ইসলাম (৩৫)। উক্ত অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি রায়গঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ অংশ নেয়। সেনা সূত্র জানায়, “সিরাজগঞ্জ জেলায় চাল আত্মসাতের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।”
রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানা ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ১৯১ বস্তা যা প্রায় ৫ হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে এবং আটককৃত ৭ ব্যক্তিদের নামে মামলা দায়ের করা হয়েছে।