গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক সমাজের আয়োজনে মানববন্ধন বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত সোমবার টরকী বন্দর ইসলামী ব্যাংক সম্মুখে গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের উদ্যোগে ইসলামী ব্যাংক টরকি শাখার সম্মুখে গ্রাহকরা মানববন্ধনওবিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বক্তব্য রাখেন, খলিল সিকদার, হাফেজ মোহাম্মদ মোখলেসুর রহমান, শওকত হোসেন, মোহাম্মদ বাবুল কাজী মোহাম্মদ নাসির, মোঃ ইমরান তালুকদার, মোঃ হানিফ প্রমুখ।
কটিয়াদী (কিশোরগঞ্জ)
ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণের সময় নিয়মবহির্ভুতভাবে অঞ্চলভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যাংকটির গ্রাহক ও চাকরির প্রত্যাশীরা।
গত ৬ অক্টোবর সোমবার সকাল ১১টায় কটিয়াদী উপজেলা সদরের ইসলামী ব্যাংকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের সদস্যরা।
চৌগাছা
যশোরের চৌগাছা ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারিত্ব’ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। গত সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টায় যশোরের চৌগাছা ইসলামী ব্যাংকের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলমের প্রভাবে ইসলামী ব্যাংকে চট্টগ্রাম অঞ্চলের অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান। একইসঙ্গে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান তারা। সমাবেশে ব্যবসায়ী আবুল খায়ের, আব্দুর রহমান, রোকনুজ্জামান, দিরাজুল ইসলাম, ফখরুল ইসলাম বক্তব্য রাখেন।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী চাকরী প্রত্যাশী ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
গত সোমবার (৬ অক্টোবর) ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখার সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলমের প্রভাবে ইসলামী ব্যাংকে চট্টগ্রাম অঞ্চলের অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান। একইসঙ্গে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান তারা।
সমাবেশে সোনাহাট স্থলবন্দরের আমদানি রফতানি কারক ব্যবসায়ী ও ব্যাংকের বিনিয়োগ গ্রাহক আবু হেনা মাসুম, সাধারণ গ্রাহক তাইফুর রহমান মানিক এবং বৈষম্য বিরোধী চাকরী প্রত্যাশী সংগঠনের সমন্বয়ক রাফিউজ্জামান রিফাত বক্তব্য রাখেন।
বাগমারা (রাজশাহী)
রাজশাহীর বাগমারায় ব্যাংক খাতের অর্থ লুটকারী এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তা কর্মচারিদের ইসলামী ব্যাংক থেকে অপসারনের দাবীতে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৬ অক্টোবর) উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে জিরো পয়েন্টে ব্যাংকটির গ্রাহক ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের ব্যানারে এ মানব বন্ধন আয়োজন করা হয়। ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী আশরাফুল ইসলাম আশিকের সঞ্চালনায় বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংক থেকে এস আলমের মাধ্যমে অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারিদের বরখাস্ত করার দাবী জানান।
সরিষাবাড়ী (জামালপুর)
জামালপুরের সরিষাবাড়ীতে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাইয়ের দাবীতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
গত সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তারাকান্দি ইসলামী ব্যাংকের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে অংশ নেন শতাধিক চাকরি প্রত্যাশী ও সাধারণ গ্রাহকবৃন্দ। এদর মধ্যে বক্তব্য রাখেন গ্রাহক ও সততা ডাল মিলের মালিক মন্জুরুল হক চান, মেসার্স ইমরান ট্রেডার্সের মোঃ বেলাল হোসেন, শহিদ ডেইরী ফার্মের শহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের পক্ষে মোঃ ইউসুফ আলী প্রমুখ।
ছাতক (সুনামগঞ্জ)
ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অপসারণের দাবিতে ছাতকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের প্রধান সড়কে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
বক্তারা অভিযোগ করেন, অবৈধ নিয়োগের কারণে ব্যাংকের সুনাম নষ্ট হচ্ছে এবং গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন। তারা অবিলম্বে এসব নিয়োগ বাতিল ও যোগ্য প্রার্থীদের বৈধভাবে নিয়োগের দাবি জানান। মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, চাকরি প্রত্যাশী ও গ্রাহকরা অংশগ্রহণ করেন।
সখিপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের সখিপুরের উপজেলা রোডে ইসলামী ব্যাংকের সামনে গত সোমবার (৬ অক্টোবর) ইসলামী ব্যাংকের গ্রাহকগণ এক মানববন্ধনের আয়োজন করেন। গ্রাহকদের দাবি ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের (বিশেষ করে চট্টগ্রামের পটিয়ার) একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে দেশব্যাপী মেধাভিত্তিক স্বচ্ছ নিয়োগের দাবিতে সখিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী (গাইবান্ধা)
গাইবান্ধার পলাশবাড়ীতে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণকালীন সময়ে অনিয়ম ও দলীয় প্রভাবের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৬ অক্টোবর) ইসলামী ব্যাংক পিএলসি’র পলাশবাড়ী শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইসলামী ব্যাংকের ঝিনাইদহ শাখার সামনে এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয় গ্রাহক ও চাকরি প্রত্যাশীরা। এতে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
গাইবান্ধা সংবাদদাতা : ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলে একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ ও গাইবান্ধা জেলা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে গতকাল সোমবার (৬ অক্টোবর) সকালে গাইবান্ধার গানাসাস মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বৈষম্য বিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ গাইবান্ধা জেলা শাখার সমন্বয়ক মো. হুমায়ুন ফারহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবু সাঈদ, মিজানুর রহমান, আব্দুল বাসেদ মন্ডল, নিরব ইসলাম প্রমুখ। এছাড়াও সিরাজগঞ্জ, কুষ্টিয়া, ঠাকুরগাঁও, নরসিংদী, ফেনী, সাতক্ষীরা, রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।