হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (হরিরামপুর- সিংগাইর) মানিকগঞ্জ--২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জাহিদুর রহমান বলেছেন, একটি দেশের নেতা যেমন হবে ঠিক একই রকম সেই দেশের মানুষ এবং জনগণ তৈরি হবে। এই নির্বাচনে আমরা যদি জয়ী হতে পারি তাহলে একটি সুখি, সমৃদ্ধশালী নিরাপদ নিশ্চিত বাসযোগ্য বাংলাদেশ উপহার দিবো ইনশাল্লাহ।
গতকাল বেলা দশটায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্দারমানিক দাখিল মাদ্রাসায় জামায়াতে ইসলামীর
এক কর্মী সম্মেলনে মানিকগঞ্জ--২ আসনের এমপি প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান প্রধান আলোচকের বক্তব্যকালে এসব কথা বলেন।
হরিরামপুর উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে তিনি বলেন,আমাদের দরকার একটি লিডারশিপ,আমাদের দরকার দিকনির্দেশনা,আমাদের দরকার একটি সুন্দর পরিবেশের। দেশ আজ মাদকে ভরে গেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এই দেশকে একটি মাদকমুক্ত একটি যুবসমাজ তৈরি করবো। আর এটা একমাত্র বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষেই সম্ভব। কারণ যারা ছাত্রশিবির করে তাদের মধ্যে একটা ছেলেও খুঁজে পাওয়া যাবে না যারা সিগারেট-বিড়ি খায়। ছাত্রশিবির করতো অথচ বেকার এমন একটি লোকও খুঁজে পাওয়া যাবে না। সুতরাং দেশের উন্নয়নের সার্থে, বাংলাদেশ জামায়াতে ইসলামকে ভালো বেসে আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার আহবান জানান তিনি।
কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ন্যায়-নীতিনিষ্ঠ ও আদর্শ সমাজ গঠনে ইসলামী আন্দোলনের কর্মীদের ভূমিকা অপরিসীম। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, মাদক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য কর্মীদের সমাজের প্রতিটি স্তরে দাওয়াতি কাজকে আরও বেগবান করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিরামপুর উপজেলা শাখার আমির হাফেজ লোকমান হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা নূরুল ইসলাম। সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল, কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন। শেষ শহীদ মীর কাসেমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।