ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্প্রতি রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ বালাপাড়া বিজিবি ক্যাম্পের বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৭৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম চালানো হচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে বালাপাড়া বিওপি টহল দল সীমান্ত পিলার ৭৮০/৮-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাণিনগর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ভারতের অভ্যন্তর থেকে এক ব্যক্তি মাথায় বস্তা নিয়ে টহল দলের দিকে এগিয়ে আসছিলেন। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনি বস্তাটি ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যান।

পরে বস্তাটি খুলে দেখা যায়, এর ভিতরে রয়েছে ৭৫ বোতল ফেনসিডিল ও ৭৯২ পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬৭ হাজার ৬০০ টাকা বলে জানায় বিজিবি।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আল-দীন, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আমরা সর্বদা প্রস্তুত।”

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ডিমলার বালাপাড়া সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে।