বাগেরহাটের মোংলায় পশুর নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার জয়মনিরঘোল এলাকার খাদ্যগুদাম সংলগ্ন নদীপাড়ে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে নৌপুলিশকে খবর দেন।
খবর পেয়ে মোংলা চাঁদপাই নৌ থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তির বয়স প্রায় ৪০ বছর। কয়েকদিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে, কারণ মরদেহটি আংশিকভাবে পচে গেছে।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চলছে বলে জানান তিনি।