হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ও মেখলে ইউনিয়নের বহু গ্রামে বন্যা না থাকলেও দীর্ঘদিন ধরে অস্বাভাবিক জলাবদ্ধতা বিরাজ করছে। সামান্য বৃষ্টিতেই ঘরবাড়ি, রাস্তাঘাট ও কৃষিজমি পানিতে তলিয়ে গিয়ে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, গড়দুয়ারা স্লুইসগেটের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা ভেঙে পড়েছে। আগে শুধু বর্ষা বা বন্যার সময় এমন পরিস্থিতি দেখা যেত, কিন্তু এখন অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে চাষাবাদ, গবাদি পশু পালন, এমনকি শিক্ষার্থীদের যাতায়াতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গড়দুয়ারা স্লুইসগেইটের সংস্কারের জন্য প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তাবিত রয়েছে। কিন্তু দীর্ঘসূত্রতায় কাজ শুরু না হওয়ায় ভোগান্তি বেড়েই চলেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে কৃষি উৎপাদন ও জীবিকার ওপর দীর্ঘমেয়াদি ক্ষতি নেমে আসবে। হাটহাজারী-ফটিকা সড়কের যাত্রী ও স্থানীয়রা জানান, জোয়ারের সময় অনেক স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে পণ্য ও যাত্রী পরিবহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সরকারি সংশ্লিষ্ট দপ্তর থেকে এখনো স্লুইসগেটের কাজ পুনরায় শুরুর বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা পাওয়া যায়নি। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সাধারণ মানুষ দ্রুত সংস্কার কাজ শুরু ও খাল-ড্রেন পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন দাবি করেছেন। তাদের প্রত্যাশা সময়সীমা নির্ধারণ করে কাজ শুরু হলে বহু বছরের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।