মংলা সংবাদদাতা : ২০২৪-২৫ অর্থবছরে মোংলা সমুদ্রবন্দর বিদেশী বাণিজ্যিক জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, কন্টেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি এবং রাজস্ব আয়ের ক্ষেত্রে সকল লক্ষ্যমাত্রা সফলভাবে অতিক্রম করেছে। এই ধারাবাহিকতা বজায় রেখেই ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিন, মঙ্গলবার (১ জুলাই), মোংলা বন্দরের জেটিগুলোতে চারটি বিদেশী বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে।
বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান জানান, বন্দরের ৫ নম্বর জেটিতে অবস্থান করছে সিঙ্গাপুর পতাকাবাহী গিয়ারলেস জাহাজ কোটা রেস্টু, যা ২৯৯ টিইইউজ কন্টেইনার বহন করছে। ৬ নম্বর জেটিতে চিটাগুড় পরিবহনকারী পানামা পতাকাবাহী জাহাজ এম টি হাইহং, ৭ নম্বর জেটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যন্ত্রাংশ নিয়ে আসা সিয়েরালিওন পতাকাবাহী জাহাজ এম ভি হিস্টোরি এডুয়ার্ড, এবং ৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রিড কোম্পানির যন্ত্রাংশসহ পানামা পতাকাবাহী জাহাজ এম ভি ডি এস প্রসপারিটি নোঙর করা রয়েছে।
এছাড়া বন্দর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় আরও ৭টি, বেসক্রিক অঞ্চলে ২টি এবং এলপিজি জেটিতে ১টি সহ পোর্ট লিমিটের আওতায় মোট ১৪টি বিদেশী জাহাজ বর্তমানে অবস্থান করছে। এসব জাহাজে রয়েছে রূপপুর প্রকল্প ও পাওয়ার গ্রিড কোম্পানির যন্ত্রাংশ, কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর এবং সিমেন্ট উৎপাদনের কাঁচামালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য।
মোংলা বন্দরে একযোগে এত সংখ্যক বিদেশী জাহাজের উপস্থিতি প্রমাণ করে যে, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর হিসেবে মোংলা ক্রমাগতভাবে বাণিজ্যিক গতিশীলতা ও সক্ষমতায় এগিয়ে যাচ্ছে।