টেকনাফ সংবাদদাতা: মায়ানমারে পণ্য পাচারের সময় কক্সবাজারের টেকনাফে খাদ্য সামগ্রী ও অন্যান্য পণ্যসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সেন্টমার্টিন স্টেশনের সদস্যরা।

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের সময় প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ৪০০ বস্তা আলু, ৪০ বস্তা রসুন ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত মালামাল,পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।