হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগরের প্যান্ডামিক ফিশারিজের মালিক ও সাবেক সচিব এ. এম. সাইদুর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুর বিরুদ্ধে লিজের টাকা না দিয়ে উল্টো মৎস্যদের দখলের অভিযোগ উঠেছে। মৎস্য ঘের ফেরত পাওয়ার দাবিতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জমির মালিকরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্যান্ডামিক ফিশারিজ কর্তৃপক্ষ এক হাজার বিঘা জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে হারির টাকা পরিশোধ না করে এখন জমি জবরদখলের চেষ্টা করছে। জমির মালিকরা টাকা দাবি করলে তাদেরকে ভয়ভীতি, হুমকি এবং হয়রানিমূলক মামলায় জড়ানো হচ্ছে।

বক্তারা আরও বলেন, সাবেক সচিব সাইদুর রহমানের নির্দেশে ঘের দখলে রেকেছে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, তার সহযোগী রাহুল মোড়ল, সাদ্দাম, গামছা মোস্তফা, মশিউর রহমান ও বখতিয়ার রহমান বন্ধুল শতাধিক লাঠিয়াল মোতায়েন করেছে।

জমির মালিকরা অভিযোগ করে বলেন, লিজের মেয়াদ শেষ হলেও ঘের ফেরত দেওয়া হচ্ছে না উল্টো গুত্তা বাহিনী দিয়ে স্থানীয়দের হুমকি দেয়া হচ্ছে। তারা দ্রুত তাদের ঘের দখল মুক্ত করার দাবি জানিয়ে এব্যাপার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে ঘের দখলমুক্ত করণে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি পেশ করেন জমির মালিক পক্ষ।

মানববন্ধনে অংশ নেন মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জমির মালিক আবুল কাশেম মোড়ল, মো. আব্দুল হালিম, মোহাম্মদ আবু হামজা, রফিকুল ইসলাম, মো. সিদ্দিকুর রহমান, আলম মোল্লা, হাজী মোহাম্মদ আনসার আলী, মোহাম্মদ আনিসুজ্জামান, ওমর ফারুক, হাবিবুর রহমান, সুভাষচন্দ্র মন্ডল, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান ও আরশাদ আলী প্রমুখ।