চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গায় বিদেশী পিস্তল ও দেশী অস্ত্রসহ পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক লিমন আলীকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
লিমন আলী চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার এতিমখানা সড়কের ৭নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আবুল হোসেনের ছেলে। গতকাল শনিবার (২১ জুন) ভোর ৫ টার দিকে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গা সেনা ক্যা¤প জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫ টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন (৩৬ এডির) নেতৃত্বে লিমন আলীর বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান চালায়। অভিযানে তার বাড়ি থেকে একটি বিদেশী ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলী, ১টি এন্ড্রয়েড ও ৪টি বাটন মোবাইল ফোন সেট, ৪টি দেশী ধারালো চাপাতি, ১টি চাইনিজ ছুরি ও ১টি রামদা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, লিমনকে সেনাবাহিনী থানায় হস্তান্তর করলে আদালতে সোপর্দ করা হয়েছে।