টাংগাইল সংবাদদাতা: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ৭ম বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা- ২০২৫, গতকাল (২৯ অক্টোবর ) বুধবার বিকেলে সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ৩৬টি ইভেন্টে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। গতকাল বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি শিক্ষার্থীদের খেলাধুলায় পারদর্শীতা ও সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে বলেন, “সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলতে হলে খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে।”।
২৭ অক্টোবর প্রথম দিনের সকালে ছাত্রদের দীর্ঘ লাফ ও ছাত্রীদের চাকতি নিক্ষেপ ইভেন্টের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। সকাল ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও অ্যাথলেটিক্স পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিবৃন্দ। জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক জনাব মো. মাহফুজ রেজা।