চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল মঙ্গলবার সকালে দক্ষিণ আশিয়া এলাকার আলী আহমদ ডিলারের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-একই এলাকার আবদুল আলীমের ছেলে মো. তারেক (২২) এবং মৃত সোলাইমানের ছেলে মো. নাজিম উদ্দিন (২৯)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, সকাল আটটার দিকে ট্যাংকে কাজ করতে নামেন এক শ্রমিক। তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধারের চেষ্টা করতে নামেন অপর শ্রমিকও। পরে তিনিও অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার ব্যর্থ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশন কর্মকর্তা রাজেশ বড়ুয়া জানান, সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। তাঁর মতে, ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের প্রভাবেই এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে পটিয়া থানার উপপরিদর্শক প্রদীপ দে বলেন, লাশ দুটি পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।