সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়া উপজেলায় নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এদিকে ঘটনার পর থেকে বাবা পলাতক রয়েছেন। গত ১৬ আগস্ট সন্ধ্যায় উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছেলে শফিকুল ইসলাম (৩০) ওরফে শরিফুল ওই এলাকার শহিদুল ইসলাম ওরফে শহিদ আলীর ছেলে।
স্থানীয় ইউপি মেম্বার সাবান আলী সংশ্লিষ্ট পরিবার ও স্থানীয় সূত্রে জানান, বাবা শহিদ আলী পেশায় গাছ ও কাঠ ব্যবসায়ী। তার তিন ছেলের মধ্যে শরিফুল বড়। শরিফুলের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন বাড়িতে চুরি, মেয়েদের উত্ত্যক্ত করা, পুকুরের মাছ চুরি, মানুষকে ধারালো চাকু দেখিয়ে ছিনতাই, গাছের ফল চুরিসহ নানা অভিযোগে অতিষ্ঠ ছিলেন বাবা-মা। এ পর্যন্ত তিনটি বিয়ে করলেও তার আচরণে কেউ থাকেনি। তাকে শাসন করতে গেলেও কারো কথা শোনে না উপরন্তু বাবা-মা-ভাইদেরও তাড়িয়ে বেড়াতেন।