কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জ পৌরসভা ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৬৮ কোটি ৯২ লাখ ১৭ হাজার ৩৬২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ৬৫ কোটি ৭০ লাখ ৯৪ হাজার ২৮৪ টাকা ব্যয় এবং ৩ কোটি ২১ লাখ ২৩ হাজার ৭৮ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, পানি সরবরাহ, শহর অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আর্থ-সামাজিক উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছে।

বাজেট ঘোষণা উপলক্ষে গত ৩০ জুন দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মমতাজ বেগম।

পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমানের পরিচালনায় সংবাদ সম্মেলনে বাজেট উপস্থাপন করেন হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম মাস্তান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. মহিউদ্দিন জাহাঙ্গীর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম প্রমুখসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ফটিকছড়ি

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৫০ কোটি ২ লাখ ২৫ হাজার ৭০২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

গত ৩০ জুন পৌরসভার হলরুমে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী এ বাজেট ঘোষণা করেন।

যা গত অর্থ বছরের ৩১ কোটি ৬২ লক্ষ ৯ হাজার ৩৯১ টাকার চেয়ে ৬৩ দশমিক ২১ শতাংশ বেশি। বাজেটে রাজস্ব আয় ১১ কোটি ৭৭ লাখ ৫৬ হাজার ৬৫০, উন্নয়ন ৩৯ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার ৮৬৫, মূলধনে ১৬ লাখ ১৯ হাজার ১৮৫ টাকা ধরা হয়েছে। এছাড়া ব্যয় খাতে রাজস্ব ব্যয় বাজেটে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে ৩৯ কোটি ৫৮ লাখ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতে ৬০ লাখ, শিক্ষা ও সংস্কৃতি খাতে ১৮ লাখ টাকা ধরা হয়েছে।

বাজেট আলোচনায় পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে পৌর প্রশাসক ও সভাপতির বক্তব্যে মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, পৌর নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বাজেট বাস্তবায়ন করা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৌনাম বড়ুয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য্য, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভির আহমদ সিদ্দিকি, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ, ‎প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসানুল কবির, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, সহকারী প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে পৌরসভার অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাঙ্গলকোট (কুমিল্লা) : কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাজেট ঘোষণা করেন নাঙ্গলকোট পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে ৪৭ কোটি ৩ লাখ ৫১ হাজার টাকা আয় এবং ৪৬ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে।

২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে করোনা ভাইরাস জনিত দুর্যোগ প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে বাজেট ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বাজেটে রাস্তা নির্মাণ খাতে ১৬ কোটি, পৌর সুপার মার্কেট নির্মাণ খাতে ২ কোটি, পৌর এলাকায় বিদ্যমান বিভিন্ন ড্রেন নির্মাণ, পরিষ্কার, মেরামত ও রক্ষনাবেক্ষণ খাতে ৬ কোটি ৬৫ লাখ, বাস টার্মিনালের নির্মাণ খাতে ২০ লাখ, পৌর এলাকায় স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত কল্পে এই খাতে ব্যয় বরাদ্ধ ১০ লাখ, ব্রীজ ও কালভাট নির্মাণ খাতে বরাদ্দ ১ কোটি ২০ লাখ, চিকিৎসা সেবাসহ গরীব দুঃস্থদের আর্থিক সাহায্য প্রদান খাতে ২ লাখ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বাবত বরাদ্দ ৩ কোটি, রাস্তা আলোকিত করণসহ বিদ্যুতায়নে বরাদ্দ ১ কোটি ১০ লাখ, পৌর নাগরিকদের চিত্ত বিনোদনের জন্য পার্ক ও সৌন্দর্য্য বর্ধন নির্মাণখাতে বরাদ্দ ২০ লাখ, ইপিআই কার্যক্রমে ২ লাখ, বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনা নির্মাণ ও যন্ত্রপাতি সংগ্রহ কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে ৮২ লাখ টাকা।

রামগতি (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ১৭ কোটি ২৩ লাখ ৫৪,১৯৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০শে জুন সোমবার দুপুরে পৌরসভার হলরুমে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন নগর সমন্বয় কমিটি’র (টিএলসিসি) বাজেট সভায় এ বাজেট ঘোষণা করেন। যাহা বিগত বাজেটের চেয়ে ৬ কোটি ২৫ লাখ ৩০০৭৪ টাকা বাজেট কম ঘোষণা করা হয়।

পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৪ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকা, ফলে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫৬ লাখ টাকা।

গত ২৯ জুন বিকেলে পৌরসভা কার্যালয়ে বাজেট ঘোষণা করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আল-ইয়াসা রহমান তাপাদার। বাজেট উপস্থাপন করেন সহকারী প্রকৌশলী মো. মর্তুজা ইলাহী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার ওসি মো. জুলফিকার আলী ভূট্টো, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সালাউদ্দীন আহম্মেদ খান, সমাজসেবা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার, অধ্যক্ষ গোলাম মোস্তফা, বিএনপি নেতা আব্দুস সামাদ মণ্ডল, জামায়াত নেতা আবু তালেব মাস্টার, যুব জামায়াত সভাপতি শামীম হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়া উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ১৫ লাখ ৮৯ হাজার ২৪৪ টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৩৮ লাখ ৭০ হাজার ৭৫৬ টাকা।

গত ৩০ জুন দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মাজহারুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ইউএনও মাজহারুল ইসলাম বলেন, এই বাজেট প্রণয়নে আমাদের লক্ষ্য ছিল উন্নয়ন ও সেবার সুষম বণ্টন নিশ্চিত করা। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং কৃষিখাতসহ প্রতিটি সেক্টরে সমান গুরুত্ব দিয়ে বাস্তবভিত্তিক বাজেট উপস্থাপন করা হয়েছে। সিংড়ার জনগণের অংশগ্রহণে এ বাজেট কার্যকর ও জনমুখী হবে বলে আমরা আশাবাদী।

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৬১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার দুপুর ১টায় ফুলবাড়ী পৌরসভার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন, পৌর প্রশাসক ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।

বাজেটে উন্নয়ন খাত থেকে ৫৫ কোটি ৯০ লাখ টাকা এবং রাজস্ব খাত থেকে উপাংশ- ১ এ ৪ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৩৭২ টাকা, উপাংশ- ২ এ ৯৪ হাজার টাকা আয় ধরা হয়েছে। সর্বমোট ৬০ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৩৭২ টাকা। এছাড়া রাজস্ব ও উন্নয়ন প্রারম্ভিক স্থিতি ৩২ লাখ ৯২ হাজার ০১৩ টাকা। বাজেটে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বিল্লাল হোসেন।