সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে মায়ের লাশ ঘরে রেখে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে এসেছে দুই ছাত্রী। একদিকে শোকার্ত স্বজনেরা লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে মায়ের লাশ বাড়িতে রেখে বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে দুই শিক্ষার্থী। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে মায়ের লাশ দাফনে অংশ নেবে তারাও। হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন এবং সানস্টার ইনিস্টিটিউট অব টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ নাছির উদ্দিন বিষয় দুটি নিশ্চিত করেছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখিপুর উপজেলায়। উপজেলার হাতিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী সায়মা আক্তার এবং সানস্টার ইনিস্টিটিউট অব টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষার্থী লাবনী আক্তারের মা মারা গেছেন। মা হারানো সায়মা আক্তার সখিপুর সরকারি কলেজ কেন্দ্রে এবং লাবনী আক্তার সখিপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার আগে অশ্রুসিক্ত চোখে কেন্দ্রে আসে তারা। ছাত্রীদ্বয় সাংবাদিক দেখে আরো বেশী আবেগ আপ্লূত হয়ে পড়ে।