হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ব্যস্ততম সরকারহাট বাজারে গড়ে উঠেছে বিশাল ময়লার স্তূপ। বাজারের পাশে অবস্থিত প্রাচীন বিদ্যাপীঠ মির্জাপুর উচ্চ বিদ্যালয়, একটি মসজিদ ও একটি হিন্দু মন্দির—এই তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনার খুব কাছেই প্রতিদিন ফেলা হচ্ছে আবর্জনা। এর ফলে শিক্ষার্থী, বাজারে আসা ক্রেতা-বিক্রেতা, নামাজি ও পূজারীরা পড়েছেন চরম দুর্ভোগে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাজারের এক কোণে জমে থাকা বর্জ্যের স্তুপ থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। বর্ষার পানিতে এই ময়লা ছড়িয়ে পড়ছে আশপাশে, সৃষ্টি করছে স্বাস্থ্যঝুঁকি। পথচারীদের অনেকে মুখে রুমাল চেপে চলাফেরা করছেন।
স্থানীয়দের অভিযোগ, বাজার কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ময়লার জন্য নির্দিষ্ট কোনো স্থান না থাকায় দোকানদার ও বাসিন্দারা বাধ্য হয়ে রাস্তার পাশেই ফেলে দিচ্ছেন প্রতিদিনের বর্জ্য।
বাজারসংলগ্ন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, “এখানে প্রায় ২৫০০ শিক্ষার্থী লেখা-পড়া করে। এভাবে পরিবেশ নোংরা থাকলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।” একই মত প্রকাশ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “অবিলম্বে ময়লা অপসারণ এবং নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপন জরুরি।”
সরকার হাট বাজার মালিক সমিতির সভাপতি জনাব আলী আকবর চৌধুরী ক্ষোভ প্রকাশ করে জানান, “আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি। ইউএনও স্যারের কাছেও জানিয়েছি, কিন্তু আজও ফল পাইনি।” স্থানীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ওসমান বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। অথচ মসজিদ ও মন্দিরের পাশে এই অব্যবস্থাপনা অত্যন্ত দুঃখজনক।”
অবিলম্বে ময়লার স্তুপ সরিয়ে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না হলে জনস্বাস্থ্যের জন্য এটি বড় হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার সচেতন নাগরিকরা।