সাতকানিয়া সংবাদদাতা : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী চুনতিতে অনুষ্ঠিত ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিল গত মঙ্গলবার ফজরের পূর্বে অনুষ্ঠিত আখেরি মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে। মাহফিলের শেষ দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লির অংশগ্রহণে চুনতির সীরত ময়দান পরিণত হয় এক বিশাল ইবাদতের ময়দানে।

আখেরি মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমে দ্বীন ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী। দীর্ঘ ১৯ দিনব্যাপী চলা এ মাহফিলে রাসূলুল্লাহ (সা.)-এর সীরাত ও আদর্শকে কেন্দ্র করে চলে কুরআন, হাদীস, তাসাউফ ও ইসলামী জীবনবোধের ওপর গভীর আলোচনা।

মাহফিলে সভাপতিত্ব করেন সীরত কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ। মাহফিলে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, ড. আ.ক.ম. আবদুল কাদের, ড. মাওলানা সাইয়িদ আবু নোমান, ড. ঈসা শাহেদী, বায়তুশ শরফের রাহবার মাওলানা আবদুল হাই নদভী, কুমিল্লার মাওলানা মোশতাক ফয়েজী, নারায়ণগঞ্জ জৈনপুরী দরবারের পীর ড. এনায়েত উল্লাহ আব্বাসী, মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, মাওলানা এহসান উল্লাহ আব্বাসী, মাওলানা আলা উদ্দিন ইমামী প্রমুখ।

বক্তারা বলেন, আজকের এই সময়েও রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শই পারে মানবজাতিকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনতে। আত্মশুদ্ধি ও নফসের পরিশুদ্ধি ছাড়া ঈমান পরিপূর্ণতা লাভ করে না। তাযকিয়াতুন নফসের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করে এবং শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পায়।