সাভার সংবাদদাতা: ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের উৎপাদন বাড়াতে ও কৃষি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে সাভার উপজেলার ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ, চারা ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অুষ্ঠানে সাভার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম।
উপজেলা কৃষি অফিসার আল মামুন বলেন, এ মৌসুমে ৩০০ জন কৃষকের মাঝে ৫ কেজি রোপা আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। ২০০ জন কৃষকদের মাঝে ৫টি করে নারিকেলের চারা ও প্রতিষ্ঠান পর্যায়ে ৮০০টি নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও ১৫০ জন কৃষককে ৫টি করে আম ও লেবুর চারা, ২৫০ জন কৃষককে ৫ প্যাকেট করে বিভিন্ন জাতের সবজির বীজ, ৫ কেজি এমওপি ও ৫ কেজি ডিএপি সার এবং ৫০ জন কৃষককে ২৫০টি তালের চারা প্রদান করা হবে। এছাড়াও ২০০০ জন শিক্ষার্থীদের মাঝে ৪টি করে ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম বলেন, সবাই যেন এই বীজ, সার ও গাছের চারা সঠিকভাবে ব্যবহার করেন এবং কোনভাবেই বিক্রয় বা হস্তান্তর না করেন। তিনি কৃষকদের জন্য উপজেলা প্রশাসনের সহযোগিণা অব্যহত রাখার কথা ব্যক্ত করেন।