শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপায় আবারও দুর্বৃত্তদের নৃশংসতার শিকার হলেন এক কৃষক। এবার শুধু ফসল নয়, এর পেছনে ভাই হত্যার বিচার থামিয়ে দেয়ার মতো চাঞ্চল্যকর এক অভিযোগ উঠেছে। উপজেলার ১নং ত্রিবেণী ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামে কৃষক ইস্কান্দার আলীর ছয় কাটা জমির ধরন্ত বেগুন এবং দেড় শতাধিক কলাগাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী কৃষক ইস্কান্দার আলী সন্দেহ করছেন, তার ভাই রতন হত্যা মামলার বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।

সোমবার রাতে এই পাশবিক ঘটনাটি ঘটে। সকালে কৃষক ইস্কান্দার জমিতে গিয়ে দেখেন তার স্বপ্নের ফসল মাটিতে মিশে গেছে। হাত দিয়ে প্রতিটি বেগুন উপরে ফেলা হয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে কলাগাছের মাঝখান থেকে কেটে ফেলা হয়েছে। এই ধ্বংসযজ্ঞ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

আর্তনাদ করে ইস্কান্দার আলী বলেন, “আমার ভাই রতনকে হত্যা করা হয়েছিল। সেই মামলার বিচার শুরু হবে। আমরা যেন সাক্ষী দিতে না যাই, সেজন্যই প্রতিপক্ষরা আমাকে আর্থিকভাবে পঙ্গু করে দিতে এবং ভয় দেখাতে এই কাজ করেছে। এটা শুধু আমার ফসল নষ্ট করা নয়, এটা আমার ভাইয়ের হত্যার বিচার আটকানোর একটা ষড়যন্ত্র।”

তিনি আরও বলেন, “অনেক কষ্ট করে আর ধারদেনা করে এই ফসল ফলিয়েছিলাম। আর কিছুদিন পরেই বেগুন ও কলা বিক্রি করে দেনা শোধ করার স্বপ্ন দেখছিলাম। কিন্তু এক রাতেই আমার সবকিছু শেষ করে দিল। আমি এখন কী করব, কীভাবে বাঁচব?”