নরসিংদী সংবাদদাতা : গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালানো শাওন (৩২) নামে এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গতকাল শনিবার ভোর ৫টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের খালিশকারটেক এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ নরসিংদীর কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা।

গ্রেফতাকৃত শাওন পলাশ উপজেলার খালিশকারটেক গ্রামের নাহিদ ড্রাইভারের ছেলে।

র‌্যাব জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হলে ২০২৪ সালের ৬ আগস্ট বিদ্রোহ করে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে বৈদ্যুতিক পোল দিয়ে মই বানিয়ে ২০৩ বন্দি পালিয়ে যান। এ সময় কারারক্ষীদের গুলীতে ৬ আসামীর মৃত্যু হয়। খবর পেয়ে সেনা সদস্যরা কারাগারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শাওন পালিয়ে যাওয়া ২০৩ জনের মধ্যে একজন। এরপর থেকে শাওন আত্মগোপনে ছিলো।

র‌্যাব-১১ নরসিংদীর কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, শাওনের বিরুদ্ধে পলাশ থানায় একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।