আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে হাইওয়ে সড়কে বা পাশে কোনো গরুর হাট বসবে না বলে জানিয়েছেন, সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। গতকাল সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ঈদযাত্রা উপলক্ষে ঢাকা থেকে বিভিন্ন জেলাতে মানুষের যাতায়াত নির্বিঘœ করতে ঢাকায় বিভিন্ন স্থানে ৬৯ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যাতে সড়কে অযাচিত যানজট এড়ানো যায়।
তিনি বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে মিটিং করেছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মিটিং হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কিছু দিকনির্দেশনা দিয়েছিলেন। সেই দিকনির্দেশনার আলোকে রেলওয়ের মন্ত্রণালয় মিটিং হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয় মিটিং হয়েছে। আজকে সড়ক যোগাযোগ এবং সেতু মন্ত্রণালয়ের মিটিং হলো। মন্ত্রী বলেন, কোরবানির ঈদ উপলক্ষে এবার অসংখ্য গরুর ট্রাকও আমাদেরকে সড়কে যাতায়াতের সুযোগ করে দিতে হবে।
এজন্য রাজধানীর ধোলাইপাড় বাসস্ট্যান্ড, আব্দুল্লাহপুর ও গাবতলী বাস স্ট্যান্ডে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, যত্রতত্র থেকে বাসে ওঠানামা না করার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে যানবাহন মালিকদেরও নির্দেশনা দেওয়া আছে। যাতে তারা যত্রতত্র থেকে বাসে যাত্রী ওঠানামা না করান।