হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চর গেরা জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রামদাস মুন্সিরহাট থেকে পেশকার হাট হার্ট ব্রিজ পর্যন্ত এ অভিযান চালানো হয়। নেতৃত্ব দেন হাটহাজারী সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী ও হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এএসআই (নিরস্ত্র) মোঃ রমজান আলী।
অভিযানে আরও অংশ নেন হাটহাজারী মৎস্য অফিসের সহকারী লোকমান, হালদা পাহারাদার শহিদুল ইসলাম ও হোসেন আলীসহ সংশ্লিষ্টরা।
অভিযানে প্রায় ৫ হাজার মিটার চর গেরা জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জালগুলো হাটহাজারী মৎস্য অফিসারের হেফাজতে গড়দুয়ারা নয়ারহাটে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে আজ ২১ সেপ্টেম্বর মৎস্য কর্মকর্তা ও হাটহাজারী ও নৌ পুলিশের উপস্থিতিতে এসব জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। উদ্ধার হওয়া জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা।