শার্শা(যশোর)সংবাদদাতা: যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে পাঁচদিনে অভিযান চালিয়ে এক কোটি ৩০ লাখ ২ হাজার ৩৪০ টাকা মূল্যের স্বর্ণ ও ভারতীয় মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। এ সময় চোরাচালানী মালামাল ও স্বর্ণসহ দুইজন চোরাকারবারীকে আটক করে বিজিবি। এক প্রেস নোটে যশোর বিজিবি এ তথ্য জানান।

আটক স্বর্ণ চোরাচালানী ঢাকার মিরপুরের কোর্টবাড়ি এলাকার আজহার মোল্লার ছেলে ময়নাল মোল্লা (৩৫) ও খুলনা জেলার কয়রা থানার ইসলামপুর গ্রামের রুস্তম মাতবরের স্ত্রী রুবিনা খাতুন (৪০)।

বিজিবি জানান, বিজিবি’র টহলদল সোমবার (২৩ জুন) থেকে শুক্রবার (২৭ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাটালিয়ন সদর, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, ঘিবা, মাসিলা, আমড়াখালি চেকপোস্ট ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে স্বর্ণ, ভারতীয় মদ, ফেন্সিডিল, গাঁজা, শাড়ী, থ্রী-পিস, কম্বল, ওষুধ, কাজু বাদাম, চাদর, চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী জব্দকরা হয়। জব্দকৃত মালামালের মূল্য এক কোটি ৩০ লাখ ২ হাজার ৩৪০ টাকা।

এর মধ্যে সোমবার ২৩ জুন জব্দ করা হয় ৭ লাখ ৫১ হাজার টাকার মালামাল, মঙ্গলবার জব্দ করা হয় ১৪ লাখ ৬৮ হাজার টাকার মালামাল, বুধবার জব্দ করা হয় ৯৪ লাখ ৬০ হাজার ৮০০ টাকার মালামালসহ এক স্বর্ণ চোরা কারবারিকে আটক করা হয়, বৃহস্পতিবার জব্দ করা হয় ১৪ লাখ ৫৩ হাজার ৫৪০ টাকার মালামালসহ এক মহিলা চোরাকারবারিকে এবং শুক্রবার ২৭ জুন জব্দ করা হয় ১১ লাখ ৬৯ হাজার টাকার মালামাল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবৎ স্বর্ণ, মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচারচক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।