খোকসা(কুষ্টিয়া) সংবাদদাতাঃ
কুষ্টিয়ায় এক অসহায় দিনমজুরকে মোটরচালিত অটোভ্যান উপহার দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মুফতি আমির হামজা।
শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া বাজার এলাকায় দিনমজুর তোফাজ্জল হোসেনের হাতে অটোভ্যানটি তুলে দেন তিনি।
এ সময় কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মোঃ এনামুল হকসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অটোভ্যান উপহার পেয়ে তোফাজ্জল হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “নিজস্ব যানবাহন পেয়ে এখন থেকে নিজের শ্রমে পরিবারের অভাব কিছুটা হলেও ঘোচাতে পারব।”
মুফতি আমির হামজা বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই ইসলামের শিক্ষা। সমাজের অসহায়দের পাশে থেকে সেবা করাই আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, সমাজে পারস্পরিক সহযোগিতা, মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধ জোরদার হলে দারিদ্র্য অনেকটাই দূর হবে।