সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন কৃষকের ঘরবাড়ি, আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সব সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম অসহায়ত্বের মধ্যে পড়েছে।
সম্প্রতি সরিষাবাড়ী পৌরসভার বাউসি চন্দনপুর এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানিয়েছেন, এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে কৃষক খোরশেদ আলমের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত আশপাশের মফিজ উদ্দিন ও হাকিম মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। পুড়ে যাওয়া ঘরগুলো থেকে ধান, চাল, আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ অর্থ, শিক্ষার্থীদের বইপত্র, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডসহ সবকিছুই ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মফিজ উদ্দিনের স্ত্রী নাছিমা বেগম বলেন, “আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনোমতে সংসার চলছিল। যা কিছু ছিলো চিকিৎসার টাকা, চাল-ধান, ছেলে-মেয়ের পড়ালেখার খরচ সবই আগুনে পুড়ে গেছে। এখন মাথা গোঁজার ঠাঁইটুকুও রইল না।” সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে তিনটি বসতঘর ও ঘরের মালামাল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন পুনর্বাসনের জন্য সরকারের সাহায্য ও সহমর্মিতার অপেক্ষায় দিন পার করছে।