গুইমারা (খাগড়াছড়ি) সংবাদদাতা : পার্বত্য এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় আগুনে পুড়ে যাওয়া নিঃস্ব একটি পরিবারকে একটি নতুন বসতঘর নির্মাণ এবং খাদ্যদ্রব্য ও ব্যবহারিক সামগ্রী দিয়ে সহায়তা করেন সিন্ধুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজি পিএসসি,জি।

ভূমি মেলা- উদ্বোধন : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ভূমি মেলা -২৫ উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি।’

উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন : পঞ্চগড়ে দুই দিন ব্যাপী গ্রাম আদালত বিষযক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছ। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০ টায় পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে দুই ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন,পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী।

শিক্ষা বৈঠক : কলারোয়ায় জামায়াতের ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কলারোয়া উপজেলার জালালাবাদ দাখিল মহিলা মাদরাসায় ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলার ২ নং জালালাবাদ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মু ইব্রাহিম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুজ্জামান

উচ্ছেদ অভিযান : কুরবানির ঈদকে সামনে রেখে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। সোমবার (২৬ মে) সকাল ১১ টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেদোয়ান ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ (কুমিল্লা)র কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া।